Monday, April 14, 2014

প্রলাপ - ৮১


নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারলে
ঠিক 'বেঁচে' থাকা যায়।

Saturday, April 5, 2014

চন্দ্রিমা - ১২


তুমি দূর থেকে যেমনটা ভাবো
আসলে ঠিক তেমনটা নয়,
ভালোবাসার ছলে প্রতিদিন
কোন এক অজানা পাপের প্রায়শ্চিত্ত করে যাই।

চন্দ্রিমা - ১১


তুমিই বলে দাও
ঠিক কতটুকু হাসলে
কখনো কাঁদতে হয়না।

Thursday, April 3, 2014

প্রলাপ - ৮০


সমালোচনার খোঁচা যারা সহ্য করতে পারেন না
তারা কেউই আসলে মানুষ নয়।

Wednesday, April 2, 2014

প্রলাপ - ৭৯

মন বিষাক্ত সব পোকার ঘর
ভাদ্র মাসের রোদে দাও।

Tuesday, April 1, 2014

প্রলাপ - ৭৮


রোজগেরে ভোটের দিনগুলো
দ্রুত ফুরিয়ে যায়,
নির্বাচন শেষে আমরা তো সেই -
"পুনর মূষিক ভবঃ" 

Sunday, March 16, 2014

প্রলাপ - ৭৭

অভিষেক হবে পিশাচের
তাই চারিদিকে হই হোল্লোড় নগ্ন নৃত্য;
দৈত্য-দানব আর যত অমানুষী আত্মার।

Friday, March 14, 2014

প্রলাপ - ৭৬


এখন মরশুম ভোট উৎসবের
তাই 'নেতা' 'পাতিনেতা'রা
শারদীয়া কুকুর-কুকুরীর মত।

Wednesday, March 12, 2014

আমাদের গান - ৮

নীতিহীন সব ভাঁড়ের দল
রাজনীতির এই আঙ্গিনায়
তাই তো গরিব-দুঃখী লুটিয়ে পড়ে
তাদের দিকে কেইবা চায়!

Tuesday, March 4, 2014

প্রলাপ - ৭৫

তোরা একটুকু চুপ কর
গোসাপের মুখে বিষাক্ত থুতু
তফাতে সরে পড়।

Thursday, February 13, 2014

অপেক্ষার লাল গোলাপ...

মনের অলিগলি জুড়ে 
ধুলো জমে আছে রাশি রাশি
পেট তাগিদের স্তুপাকৃত কাজ 
রোজ চাপা দেয় অনুরাগ; সব অভিমান
এরই ফাঁকে
আরো একটি বসন্ত,
আরো একটি ভ্যালেন্টাইন ডে,
আবারো মনের দরজায় নিঃশব্দ কড়ানাড়ে
আজ রাত যেন প্রলাপের নয়;
অপেক্ষা শিহরিত ভোরের;
অপেক্ষা তোড়া তোড়া লাল গোলাপের।
১৩/০২/২০১৪, ১২-৪০ PM

Monday, February 3, 2014

প্রলাপ - ৭৪



অন্ধকারের বুক চিরে দুঃস্বপ্ন রাত যত গাঢ় হয়
আর আমি ভাবি একাই ডুব দেব বিষণ্ণতায়।
দেখি আরো অসংখ্য বিষণ্ণ হৃদয় 
ঠিক বসে আছে সহযাত্রীর অপেক্ষায়।

Wednesday, January 1, 2014

প্রলাপ - ৭৩

ক্ষমতার দম্ভে সব মমতাও
একদিন ঠিক ফিকে হয়ে যায়।
অন্ধ মমতা দেখেনা
সেও তো প্রতিরোজ ধর্ষিতা
প্রতিটি দলবদ্ধ ধর্ষণে।

Tuesday, December 31, 2013

প্রলাপ - ৭২



কাউকে জন্মদিন জীজ্ঞেস করলে
যদি উত্তর আসে
ইংরেজি বর্ষের প্রথম দিন,
আপনি ধরে নিতেই পারেন 
লোকটি মিথ্যেবাদী।

বর্ষবরণ

বর্ষবরণ 

বাইরে অজস্র বাজি পুড়ছে;
মনে হচ্ছে আজ দেওয়ালী, 
অবুঝ পাখির রক্তে কিছুক্ষণ আগে পিচ্ছিল হয়ে গেছে হাত 
নেশাগ্রস্ত কিছু টালমাটাল শরীর গড়িয়ে পড়ছে রাস্তার পাশে... 
কিছু বাৎসরিক বন্ধুর সাথে 
শুভেচ্ছা বিনিময় করতে করতে 
সমঝে নিলাম এটা নববর্ষ। 
(রাত ১২টা, ১/১/১৪)

Sunday, December 15, 2013

একটি ভোরের অপেক্ষায়

তুমি আমার কেউ নও
তবু যখন দেখতে পাই
তোমার শরীরটা কেটেকুটে রক্তাক্ত করে দিচ্ছে ধর্মাসুরের দল
তখন কেন জানি আমারো ইচ্ছে হয়
তোমার জন্য চিৎকার করি;
তোমার জন্য লড়াই করি;
হাতিয়ার তুলে নেই হাতে।

তুমি আমার কেউ নও
তবু কোথায় নেয এক অদৃশ্য
নাড়ির টান অনুভব করি তোমার সাথে
আর তাই তোমার থেতলে যাওয়া মুখটা
আমার চোখে যখন ভেসে উঠে
তখন আমারো ইচ্ছে হয়
তোমার জন্য কলম ধরি;
নিংড়ে দেই শরীরের শেষ রক্তবিন্দুও

তুমি আমার কেউ নও 
তবু এখনো মনে আছে
একদিন তোমার গল্প শুনতে শুনতেই
আমি হাটি হাটি পা পা থেকে আজ পূর্ণাঙ্গ এক যুবক
আর তাই আজ যখন দেখি
ক্ষতবিক্ষত সন্তানের শোকে তোমার চোখের জল শুকিয়ে গেছে
আমারও ইচ্ছে হয় ছুটে যাই তোমার কাছে
ভেঙ্গে চৌচির করে ফেলি কাঁটাতার;
মুছে দেই সীমান্তের ভেদ চিহ্ন।

তুমি আমার কেউ নও
তবু কেন জানি প্রতিনিয়ত এক অমোঘ আকর্ষণ
তোমার কাছে আমাকে বারবার টেনে নেয়
আর তাই আমিও
প্রতিটি ১৫ ডিসেম্বরের রাতে অপেক্ষায় থাকি
একটি নতুন ভোরের জন্য
অপেক্ষায় থাকি শ্বাপদ জঞ্জালমুক্ত একটি ভোরের জন্য
একটি নতুন ভোর; সব ঠিকঠাক আর শুধু ভালোবাসাবাসী।

প্রলাপ - ৭১

আমার দুটো দেশ,
আমার দুটো স্বাধীনতা দিবস,
আমার একটি হৃদয়
ভালোবেসে যাবো নিরন্তর।

Saturday, December 14, 2013

চন্দ্রিমা - ২

তুমি পাশে নেই বলেই আমার
সূর্যোদয়  সূর্যাস্ত হয়ে
কখন জানি আবার  সূর্যোদয়ে চলে যায়
আমি বুঝতেই পারি না।
বুঝতে পারি না আকাশের তারা গুণতে গুণতে
চাঁদের আলো পাড়ি দিতে দিতে
লক্ষ্যহীন মেঘের সাথে ভাসতে ভাসতে
দৈনিক ঘানি টানতে টানতে
ঠিক কতটা সময় পেরিয়েছি। 

তুমি হয়তো দিগন্তের অপারে কোথাও
ঝির ঝিরে বৃষ্টি আর হিমেল বাতাস
গায়ে জড়িয়ে  অনন্ত সজ্জায় শুয়ে আছো
আর আমি -
তোমার ভাবনা নিয়ে বিছানার একপাশে অনিদ্রায় -
আর অন্যপাশে;
ধান ক্ষেতের চাংঘর থেকে ভেসে আসা
শুকর তাড়ানো চাষীদের হাহাকার।

                                                                       

Sunday, December 8, 2013

প্রলাপ - ৬৫ - ৭০



প্রলাপ - ৬৫

বাতাসে কান পাতলেই আজকাল
ধর্মাসুরের পদধ্বনি শুনি
নাক নিলেই ঝাঝালো সাম্প্রদায়িক গন্ধ।
আমি শুধু চেয়ে দেখি রোজ
মানচিত্র ভেঙ্গে চৌচির হয়ে যায়;
ডুবে কাদায় মানুষ অহরহ।  

প্রলাপ - ৬৬

নির্দল করে করে
চলেই তো যাচ্ছিল বেশ,
একদিন চোখ মেলতেই দেখি
অজান্তেই ঢুকে গেছি
কোন এক দলে আমিও।

প্রলাপ - ৬৭

হাত পিঠে রাখলেই মরম স্পর্শ
পা ঠেকালেই লাথি,
ডান হাত দিলে চল হ্যান্ডশেক করি
বাম দিলে, হাতটা সরাও
ছিঃ নোংরা তুমি
এভাবেই প্রতিদিন নিজের সাথেই
করে যাই হেলাফেলা!

কখনো ভাবি সাম্যবাদ;
সমতা, এগুলো নিছক কয়টী বর্ণ সমষ্টি মাত্র
এরচেয়ে আর বেশি কিছু নয়।


প্রলাপ - ৬৮

কোন এক অজ পাড়া গায়
নেতা, পাতিনেতার পায়ের ধূলো পড়লেই
বুঝে নিতে হবে ভোট উৎসব আসন্ন।

প্রলাপ - ৬৯

ঈশ্বর ঈশ্বর বলে যতই চেঁচামেচি করি
আমরা আসলেই এক একটা আস্তো নাস্তিক।
  
প্রলাপ - ৭০


কেজরিওয়াল কেজরিওয়াল কেজরিওয়াল
আম জনতার চোখের মণি
ভ্রষ্টাচারের বক্ষভেদী তীব্র আলোক মশাল।


ম্যারিনা বিচ



হেমন্তের দ্বিপ্রহরে - ম্যারিনা বিচ
মৃত-জীবিত ঝিনুক আর শঙ্খ মিশ্রিত
বালুকাময়
রঙ বেরঙ্গের পোশাক পরিহিত মানুষ,
হকারের পশরা,
ভাজা পমফ্রেটের উৎকট গন্ধ নিয়ে
উত্তপ্ত, অস্থির।

তবু সীমাহীন জঞ্জাল, অসংখ্য দুঃখ নিয়েও
তুমি সুন্দরী ম্যারিনা বিচ


তখন অপারে দূরে কোথাও
অন্ধকার ছায়ার মতন শান্তি নামে
নাভিশ্বাস হয়ে।

Thursday, October 24, 2013

প্রলাপ - ৬৪

প্রতিরোজ, প্রতিমুহূর্ত যে কথাগুলো আমি ভাবি
তা সব মনের গভীরে চাপা পড়ে যায় অহরহ
যে কটা মনের ফুটো দিয়ে বেরিয়ে পড়ে
তা তো প্রলাপ হয়ে যায়।

আর যা কিছু বলি সে তো তোমাদেরই কথা
যে কথাগুলো তোমরা শুনতে চাও

Tuesday, October 15, 2013

প্রলাপ - ৬৩


বড় ভীতু ঈশ্বর চেলারা
যুক্তির বদলে খঞ্জর উঁচিয়ে ধরেন
বুলেটে ঝাঁজরা করে দেন বিরুদ্ধ পাঁজর।

Monday, September 9, 2013

প্রলাপ - ৬২

 
সমাজটা টুকরো আয়নার মত
সামনে থেকে মনে হয় হাজারটা চেহারা সাথে আছে
পেছনে ফিরলেই ধু ধু
শুধু একা আমি দাঁড়িয়ে।

প্রলাপ - ৬১

ভাবছি কালির দোয়াতটা ঝেড়ে
ধুয়ে মুছে তাকে তুলে রাখবো,
কলম খাতায় দেবো চাবি
চৌর্যবৃত্তির দায় মাথায় উঠার আগেই
ছুটি দেব কবিতা তোমায়।

Thursday, August 15, 2013

প্রলাপ - ৬০

স্বাধীনতা ঈশ্বরের মত
জানি ওটা নেই,
জানি ওটা হয় না
তবু নির্দিষ্ট দিনে ঠিক ধুপ-ধুনা জ্বেলে দেই
তারপর স্বাধীন বলে গাজন গাই।

Friday, July 26, 2013

প্রলাপ - ৫৯


আগুন নিয়ে কেই বা খেলতে চায়
তবু আগুন নিয়ে খেলতে গিয়েই
রোজ হাত পোড়ায়।

Tuesday, July 23, 2013

প্রলাপ - ৫৮

আমি নিশ্চিত
আমৃত্যু তোমার কাছাকাছি থেকে গেলে
একদিন ক্রম ধাবমান মৃত্যুজাল
ছিড়ে  ঠিক বেরিয়ে আসব।

Friday, July 12, 2013

প্রলাপ - ৫৭

মাঝে মাঝে বুকের ভেতর যেন
অনেকগুলো হৃদয়ের অস্তিত্ব টের পাই।
মনে হয় একটি অন্যটির থেকে পুরোপুরি আলাদা।
একটি হৃদয় ভাবে সে মুসলমান;
একটি ভাবে হিন্দু; আরেকটি...।
এভাবে এক একটি হৃদয় যেন এক একটি ধর্ম
ভালোবেসে বসে আছে।
তবে আরো একটি হৃদয় আছে আমার
সে সম্পূর্ণ আলাদা
যে কিনা প্রতিনিয়ত ভালোবাসা ঢেলে দেয় সর্বত্র
তাই আমার হৃদয়ে কোন ঘৃণা নেই।

Wednesday, July 3, 2013

প্রলাপ - ৫৬

কবিতারা প্রেমের মত
চাইলেই ধরা দেয় না,
আবার না চাইলেই কখনো ধরা দেয় ভালোবাসা হয়ে।

Monday, July 1, 2013

চন্দ্রিমা - ১০

তুমি যত দ্রুত দূরে সরে যাও
আমি জানি আমার কবিতা একদিন
ঠিক ছুঁয়ে যাবে তোমার হৃদয়।

চন্দ্রিমা - ৯


বিষন্ন সযয় পেরিয়ে একদিন দেখো
ঠিক পৌছে যাব তোমার কাছাকাছি।

Wednesday, June 26, 2013

প্রলাপ - ৫৫



এই তো আছি দিব্যি সূখে হেসেখেলে
কি লাভ বল ভালোবেসে জ্বলেপুড়ে।

Monday, June 24, 2013

প্রলাপ - ৫৪


নীরব বন্ধুর চেয়ে ঘোর শত্রু ভালো
অন্তত বুঝে নিতে পারি যে বেঁচে আছি।

Friday, June 14, 2013

প্রলাপ - ৫৩


সূখগুলো সব আড়ি দিয়ে বাড়ি ফিরে গেছে তবু
আমি অসূখ অসূখ চোখে প্রেমের কবিতা পড়ে যাব।

Tuesday, May 21, 2013

প্রলাপ - ৫১, প্রলাপ - ৫২



প্রলাপ - ৫১

বিয়ে হল চুইঙ্গামের মত
প্রথমে ভীষণ মিষ্টি তারপর .........।
প্রলাপ - ৫২

ভাবনায় ভাব গদ্গদ বক্তৃতায়,
না জানি কত টাকার ফোয়ারা ছুটিয়ে
তোমরা নারী দিবস পালন করো;
শুধু নারীকে মানুষ বল না।

(নারী দিবস ২০১৩)

Thursday, March 28, 2013

প্রলাপ - ৫০


নিষিদ্ধপল্লী, নিষিদ্ধ বই, নিষিদ্ধ খাবার;
নিষিদ্ধ ব্যপারগুলোতে আমাদের বড্ড ঝোক
তাই নিষিদ্ধ নয় শুধু
উপড়ে ফেলে দিতে হবে শেকড়সুদ্ধ বিষবৃক্ষ
ধুয়েমুছে সাফ করে দিতে হবে হৃদয়।

Tuesday, March 5, 2013

প্রলাপ - ৪৯


গুটি গুটি পায়ে এগিয়ে চলে সময়;
তুফানী মিছিল মৃত মানুষের।
পৃথিবীর সব সূখ নিংড়ে নিয়ে
ঘরে ফেরে ফিরতি মৌসুমি হাওয়া,
অসূখ অসূখ সর্বত্র মিছিল অসূখের।
স্বপ্ন তবু ঠিক বেঁচে আছে এখনো
একমুঠো তরতাজা শাহবাগে।

প্রলাপ - ৪৮


দেশ, সীমান্ত বদলায় শুধু
বদলায় কখনো মুখোশ
রক্তচক্ষুর শাসানিতে নাভিশ্বাস ওঠে সর্বত্র
আমি তুমি সংখ্যালঘু হয়ে 'বেঁচে' থাকি
মৃত্যুর সাথে লুকোচুরি খেলতে খেলতে

Friday, March 1, 2013

প্রলাপ - ৪৭



ছুঁবো না ছুঁবো না বলে তারে যত দূরে ঠেলে দেই
তত বেগে সে কাছে ছুটে আসে
তার পর জীবন হয়ে যায়।

প্রলাপ - ৪৫/৪৬

প্রলাপ - ৪৫

আষ্টেপৃষ্টে জঞ্জাল জড়ো হয় প্রতিদিন
হয়তো নিজের অজান্তেই কোনদিন ডুব দেব তাতে
আমি অসহায় চেয়ে থাকি শুধু।
 

প্রলাপ - ৪৬

আমার মা'ও বাংলায় কথা বলেন
আর তাই ৫২, ৬১, ৭১, ৭২, কিংবা ৮৬
সব মিশে একাকার আমার ধমনীতে।
শাহবাগ তুমি আমাকে খুজে নিও
দামাল প্রজন্মের ভীড়ে।
 

প্রলাপ - ৪৪


একটি মধ্যরাত থেকে আরেকটি মধ্যরাত
হাজারো মনের অলিগলি ঘুরেফিরে যখন
হিসেব কষার পালা
দূর দূর পর্যন্ত কোথাও ভালোবাসা বলে কিছু নেই আর
তাই কবিতা তোমায় নিয়েই আমার পথ চলা
ভালোবাসা উজাড় করে দেবো তোমায়
কথা দাও তুমি ভালোবাসা হয়ে ধরা দেবে
শুধু ভালোবাসা হয়ে আমার ডাইরির পাতায় পাতায়।

Sunday, February 10, 2013

প্রলাপ - ৪২/৪৩

প্রলাপ - ৪২

ভয়ে জড়সড়
চলি জনতার উৎসবে
ভয়ে জড়সড় জনতা
কাঁদে গণতন্ত্র ত্রাসে।

প্রলাপ - ৪৩

শিক্ষিত সব ডিগ্রীধারী ভোটের খেলায় বিরত
দেশের ভার গাধার পিঠে
তাই পিছড়ে পড়ি অবিরত।

Wednesday, January 23, 2013

আমাদের গান - ৮


গান্ধী টুপি মাথায় আছে কাড়ি কাড়ি টাকা
জনতা পেছনে আছে আমরাই তো দেশের নেতা।

Tuesday, January 15, 2013

প্রলাপ - ৪১


মানুষের সম্পর্কের মত
আজ পৃথিবী জুড়ে শীতলতা
ধ্বংসের মুখ দেখেই তবে উত্তাপ নেবে।

প্রলাপ - ৪০


ভোট উৎসবের প্রাক্কালে যুবারা ক্রীড়ামোদি আর
প্রৌড়রা হয়ে উঠেন ধর্মাসক্ত।

Wednesday, January 2, 2013

প্রলাপ - ৩৭


আজ আমার মৃত্যুদিন তাই
সারা রাত ধরে প্রলাপ বকে যাবে
শোকার্ত আত্মা।

প্রলাপ – ৩৮



ভালোবাসার যাঁতাকলে শ্বাসরুদ্ধ
হয়ে যাচ্ছি ক্রমশ
খানিকটা বিশুদ্ধ ঘৃণা, বিদ্রুপ ছুড়ে দাও
আমি অতেই লুটপুটি খাব
যত্নে মাখাবো গায়।

প্রলাপ – ৩৬



আজ প্রতিবাদ মিছিল, হরতাল
রক্তচক্ষুর হুঙ্কারে থরথর কাঁপে রাজপথ।
আজকের প্রতিবাদী পুরুষের হাত
একদিন ঠিক কেড়ে নেবে কোন নারীর সম্ভ্রম।

প্রলাপ - ৩৯

যুগ যুগ ধরে দামিনীরা নিজেদের জীবন দিয়ে
পুরুষের চেতনায় কিছুটা আঁচড় কেটে যান শুধুমাত্র
এরচেয়ে বেশি কিছু নয়।
আঁধার নামবে রাজপথে আবারো কোনদিন
আবারো কোন এক দামিনীর শরীর
ছিড়ে খাবে মানুষখেকো হায়নার দল।

Thursday, November 22, 2012

প্রলাপ - ৩৫

­­নেতা শব্দের একটি প্রতিশব্দ হতে পারত গিরগিটি
অথবা গিরগিটির একটি প্রতিশব্দ নেতা।

Thursday, November 15, 2012

প্রলাপ - ৩৪


শুভরাত্রি বলতে বলতে
বিদায় নেয় প্রতিটি মুহুর্ত

বিদায় নেয় ভালোলাগা প্রতিটি সময়
আমি অবসন্ন,
তবু জেগে থাকি অনন্তকাল ধরে
তোমার অপেক্ষায়

Friday, November 2, 2012

প্রলাপ - ৩৩

পাছে ভোরের সূর্যটা না জোটে
আমি গভীর রাতেও ঘুমন্ত চোখ দুটো টেনে জেগে থাকি;
ঘুমিয়ে পড়লে স্বপ্নে বেঁচে থাকার আনন্দে মাতি।

Wednesday, October 31, 2012

প্রলাপ - ৩২



শ্মশানপুরীর স্তব্ধতা ভেদ করে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি
শরীরে এখনো অশরীরি আত্মার গন্ধ।

Tuesday, October 16, 2012

প্রলাপ - ৩১


শিউলি ফোটা রাতে
শিশিরের ফাঁক দিয়ে যেই নাক বাড়িয়েছি
বারুদ আর মানুষ পোড়া গন্ধ
নাক ঝালাপালা করে দিলো।

Thursday, October 4, 2012

চন্দ্রিমা - ৩

অন্তহীন ভাবনার জাল ছিড়ে
এই নরম বৃষ্টির রাতে
শীতল চাদর হয়ে এসো চন্দ্রিমা।

প্রলাপ - ১৬

গুণতে গুণতে একশ তো হবেই
শিশুপাল যত খুশি পাপ করে যাও।

ইচ্ছে করছে না আজ কিছু



আজ আর ইচ্ছে করছে না তোমার জন্য রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি
কতদিন বল আর মিছি মিছি এভাবে করা যায়
...কতদিন বল টফি মুখে পুরে তুমি আছো ভেবে
আনন্দের মিথ্যে ফোয়ারা ছুটানো যায়
কতদিন, আর কতদিন -

আজ আর ইচ্ছে করছে না তোমার কথা ভেবে
এস এম এস করি বন্ধুদের
ইচ্ছে করছে না দিনটা অন্য আরো দিনের থেকে আলাদা ভাবি
ইচ্ছে করছে না স্বাধীনতা তোমার জন্য আবারও রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি।

প্রলাপ - ৩০


প্রেম দূর থেকে যতই মিষ্টি দেখাক না কেনো
কাছে গেলে ঠিক গোসাপের মত বিষাক্ত থুতু ছুড়ে দেয়
তাই নিরাপদ দূরত্বে থেকে আমার কবিতা লেখা।

Tuesday, September 25, 2012

চন্দ্রিমা - ৮


তোমার কথা ভাবতে গিয়ে স্বপ্ন আমার উজাড়
তোমার কথা ভেবেই আবার পথ হারালাম আজ।

Monday, September 24, 2012

প্রলাপ - ২৮


কত দিন আঁধারে ঢাকা পড়ে যায়
কত রাত হয় আলোকজ্জোল
অবিরত কোলাহল শুনি চারপাশে শুধু
কেঊ নেই; কেউ নেই পাশাপাশি
বড় একা এ দীর্ঘ পথ
যেন ফুড়োবার নয় কখনো।

Sunday, September 16, 2012

বেঁচে আছি তো?

আমার ইচ্ছেরা আজকাল
ইচ্ছে হারিয়ে ফেলছে ক্রমশ
সূখ নেই, শোকও নেই কাছাকাছি

আমি চলতে চলতে পিছিয়ে পড়ি
আমার আগুন্তুক স্বপ্নেরা বাসা বাঁধে অন্য ঘরে
ধু ধু ফাকা মাঠ যেন হাতছানি দেয়
ভবিষ্যতের কোথাও
আমার আকাশে কালো মেঘ সারি সারি
অসাড় শরীর বয়ে নিয়ে যায় সময়
লক্ষ্যহীন পথের পথে
আমি মাঝে মাঝে অজান্তে
চিমটি কাটি শরীরে
বেঁচে আছি তো?
বেঁচে আছি তো? নাকি আমারো মৃত্যু হয়েছে
আরো অনেকের মত
নিজের জন্য বেঁচে বেঁচে

১৭/০৯/১২ সময় রাত ১২-১৫

Wednesday, August 1, 2012

প্রলাপ - ২৭


প্রতিনিয়ত সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিয়ে যতই আমাকে উত্তেজিত করো
ধর্মাস্ত্রের খোচায় ক্ষতবিক্ষত করো বিবেককে, -
আমি আমৃত্যু 'অমানুষ' থেকে যাবো তোমাদের চোখে তবু ধর্মচাড়াল নয়।

Thursday, April 12, 2012

প্রলাপের প্রলাপ


সত্য কথাগুলো প্রবঞ্চনা,
নীপিড়ন আর শোষণের জগতে
বার বার ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে
কখন জানি প্রলাপ হয়ে যায়।

Monday, December 19, 2011

প্রলাপ - ২৬


নবান্নের শীতেই বোধহয় জমে গেছে
বন্ধুত্বের সম্পর্কগুলো
তাইতো 'বন্ধু'র পাতা আজকাল
কেমন যেন একাকীত্বের বিষন্নতায় মূক।

Sunday, December 4, 2011

চন্দ্রিমা - ৭

ক্ষয়ে ক্ষয়ে রুগ্ন সভ্যতা
ইতিহাস, পচে গলে দুর্গন্ধ
প্রতি নিয়ত প্রতিটি নিঃশ্বাস;
শরীরের প্রতিফোটা রক্তবিন্দু; 
চারপাশের সবকিছুকেই প্রতিদ্বন্দি মনে হয় আজকাল।
মনে হয় সবকিছুই মুখশের আড়ালে
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

তবুও  বুকের ভেতর তোমার অস্তিত্ব টের পাই বলেই
এখনো লড়তে লড়তে বেঁচে থাকতে ইচ্ছে হয়;
ইচ্ছে হয় মুখোশগুলো খুলে দেই সবশেষে।

Sunday, November 20, 2011

প্রলাপ - ২৫


রাম শ্যামের সাধ্য নেই দূর্নীতি হটাবার
আমরা মায়ের আচলও বেচতে পারি
টু-পাইস কামাতে।

(আজ {১০/২৯/১১} করিমগঞ্জ থেকে সুমো গাড়িতে করে বাড়ি ফিরছিলাম, গাড়িতে বসেই এগুলো লিখলাম।)






Saturday, October 29, 2011

প্রলাপ - ২৩

শহুরে ফুটবল
ঝুল বারান্দার মাঠ পেরোয় না কখনো

প্রলাপ - ২৪

সুন্দরী যাত্রীর পাশে বসা কুৎসিত পুরুষটিও
নিজেকে সুপুরুষ ভাবে
উল্টোটাও হয় মাঝে মাঝে।
প্রলাপ - ২৫

রাম শ্যামের সাধ্য নেই দূর্নীতি হটাবার
আমরা মায়ের আচলও বেচতে পারি
টু-পাইস কামাতে।

(আজ করিমগঞ্জ থেকে সুমো গাড়িতে করে বাড়ি ফিরছিলাম, গাড়িতে বসেই এগুলো লিখলাম।)

Friday, September 9, 2011

আমাদের গান - ৭

মন্ত্রী থেকে চাপরাশী
সাধারণ - অসাধারণ
আমাদের পেটে বড্ড খিদে
তাই তো কামড়ে কামড়ে ক্ষত-বিক্ষত সংসার।

Friday, September 2, 2011

পথে যেতে যেতে......

যখন মাঠ ভরা ধান গাছ
কাদামাখা শরীরের সাথে
চাষীর মুখে হাসির প্লাবন হওয়ার কথা
আমি সাইকেল চেপে
পিঠে উত্তাপ বয়ে নিয়ে যেতে যেতে দেখি
কলতলার গর্তে চান সেরে নিচ্ছে ক্লান্ত চড়ুই
ধু ধু মাঠ ফেটে চৌচির
হৃদয় পোড়া গন্ধে বাতাস ভারি হয়ে আসছে
চাষীর চোখের জলুও যথেষ্ট নয় লাঙল চালানোর জন্য
আমি নাকে রুমাল চাপা দিয়ে
রাস্তার ধুলা মাখতে মাখতে বাড়ি ফিরি।

প্রলাপ - ২১

আমি মার্কস্ বুঝি না
বুঝি না লেনিন, স্টেলিন, মাও সে তুং
আমি বুঝি না বুদ্ধ, জীষু, কৃষ্ণ
বুঝি না হজরত মহম্মদ
আমি আমার মত করে গেয়ে যাব গান
গান মানুষের।

প্রলাপ - ১৯

বিজ্ঞদের পাশ গলিয়ে একটু এগিয়ে যেতে গিয়ে দেখি
এ যে সব রুক্ষ ছন্দ ছন্দ খেলা
আমার ভাবনার শব্দেরা বুঝি এবার
ফিরতি ট্রেনে পাড়ি দেবে অজানায়।
 
(বন্ধু গ্রুপে ছন্দের আড্ডা দিতে গিয়ে। ২৬ জুলাই ২০১১)

প্রলাপ - ১৪

বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ আহারের মত
আজ বিশুদ্ধ হৃদয়ের বড় অভাব পড়ে গেছে।

গ্রহণ

আজ আঁধারে ঢাকা চাঁদ শুধু আকাশে একা নেই
আমাদের মনও তো এখনো গ্রহণে ঢাকা।

(১৫ জুন ২০১১,  চন্দ্র গ্রহণের সময় লেখা।)






প্রলাপ - ১৬

গুণতে গুণতে একশ তো হবেই
শিশুপাল যত খুশি পাপ করে যাও।

প্রলাপ - ১৭

দোকানের পাশে ফেলা
শিখরের প্যাকেটের টুকরোর মত
কতদিন বল ছেড়া হৃদয় নিয়ে বেঁচে থাকা যায়

বরঞ্চ হৃদয়হীন লম্পট হব
কোনদিন সুযোগ পেলে ।
 
(১৮ জুন ২০১১)

আক্ষেপ

মেলার শেষে হিসাবের খাতা খুলে দেখি
প্রেমের কবিতা লিখিনি একটিও।
 
মেলা শেষে
সাত নয় সাতাশ নয়
সাত জন্ম সময় 
এভাবেই কেটে যাক
'বন্ধু'র পাশাপাশি
থাক সুখ, শোক থাক
চল চলি ঐহিক যন্ত্রনা ভুলি।

(''বন্ধু'' গ্রুপের কবিতা উৎসব শেষে। ১৯ জুন ২০১১।)

গল্প নিয়ে...

সাতটি দিনের ভাবনার শেষে
গুণে গুণে ঠিক সাড়ে ছয় তা কাগজ
পৌনে একটি সেলো গ্রিপারের কালি
সকাল থেকে গুণে গুণে একশ সাতানব্বই মিনিট সময়
খরচ করেও গল্প লেখা হলো না।

আমি ভাবি -
দু-চারটে লাইন কখনও সখনও লেখা যায় ঠিকই
গল্প কখনও নয়।
 
(বন্ধু গ্রুপের গল্প উৎসব নিয়ে লেখা। ২৬ জুন ২০১১)

চন্দ্রিমা - ১

উৎসব মুখর পথ্প্রান্তর
উত্তপ্ত সরণি মহাসরণি
দাপাদাপি যুগলবন্দি মানব-মানবীর
আমি শুধু একা ফিরি
চন্দ্রিমার খোঁজে
উৎসব থেকে উৎসবে
দীর্ঘ পথ -
একরাশ দীর্ঘশ্বাস নিয়ে।
 
 
(৬/১০/০৮ দুর্গাপূজোর সময় লিখেছিলাম)
 
 

হারিয়ে যাচ্ছি কোথাও

আমাদের বার্তালাপ যখন তারহীন যন্ত্রে সম্ভব হচ্ছে আজ
ইঁদুরের লেজ হয়ে যখন
যুগান্তরের উক্তিও ভেসে আসে বোকা বাক্সে
আমি ক্রমশ নিজেকে হারিয়ে ফেলছি
আমার পূর্ব পুরুষের ভীড়ে।

আর মাঝে মাঝে মনে হয়
আমি বুঝি বদলে যাচ্ছি
কোন হিন্দু, মুসলিম, খ্রীষ্টান অথবা
অন্য কোন 'জীবে'।

প্রলাপ - ২২

গরমের ছুটিতে কবিতারা মামাবাড়ি গেছে
তাই খাতা আর কলমটা তাকে তুলে রেখেছি।
 
১২ জুলাই ২০১১, সময় রাত ১১-৩৪

শ্মশান থেকে ফিরে

এই মাত্র যাকে চিতায় তুলে এলাম
সে আমার বন্ধু নয়, আমার আত্মীয় নয়
নয় কোন প্রিয় ব্যক্তি
কখনো তাকে গালাগাল দিয়েছি , কখনো বেইমান বলেছি
কখনো হয়ত নিজের স্বার্থে কাছেও ডেকেছি
তবে কখনো ভালোবাসিনি
তবু এখন তার কথা ভাবতে গিয়ে দেখলাম
সে আমার সবচেয়ে প্রিয় লোকেদের একজন ।
আমি ক্রমশ ভাষা হারিয়ে ফেলছি
ভুলে যাচ্ছি সব শব্দ ।
 
জুলাই ১৪/ ২০১১ সময়  রাত ১২-২২

প্রলাপ - ১১

বৃষ্টির প্রতিটি ফোটার মত আমিও পাতাল ছুঁবো
উপরে থাকাটা ভিষন কষ্টের
প্রতি মুহূর্তে খসে পড়ার ভয়
ভালো করে বাঁচতে দেয় না।

প্রলাপ নয়

তোড়া তোড়া ফুল
শহিদবেদিতে কয়েকটা রঙ্গিন কাগুজে মালা
আমরা বাৎসরিক বুক চাপড়ে শুধু 
দশক, রজত, সুবর্ণ, হীরক জয়ন্তী গুণে যাই
দুচারটে দায়সারা বক্তৃতা, আর দুচারটে গান গাই।

আমি সপ্নের সাক্ষাতে বেশ বুঝি
শহিদ চায় না কিছুই
চায় না-
বন্দি হতে শহিদ বেদিতে
দম বন্ধ উৎকট গন্ধে বর্জ্য আবর্জনায়।

শহিদ থাকনা বেঁচে আমাদের চেতনায়
আর হৃদয়ে গড়ে উঠুক লক্ষ শহিদ মিনার।
না হয় শহিদবেদি ভেঙ্গে ডাস্টবিন গড়
ফুল গাছে বেশি শোভা পায়।

Tuesday, August 30, 2011

চন্দ্রিমা - ৬

অনেক দিন হলো কবিতারা ধরা দিচ্ছে না
তুমিও পাশে নেই চন্দ্রিমা
আর ভালো লাগছে না
...আমি ডুবে যাচ্ছি ভাবনার অন্ধকারে ক্রমশ

তুমি কবিতা হয়ে ধরা দাও স্বপ্নে ক্যানভাসে
কবিতার ছলে ছবি আঁকি আজ।

Saturday, August 27, 2011

চন্দ্রিমা - ৩

অন্তহীন ভাবনার জাল ছিড়ে
এই নরম বৃষ্টির রাতে
শীতল চাদর হয়ে এসো চন্দ্রিমা।

চন্দ্রিমা - ৪

আজ যতই বৃষ্টি হওক
তোমায় ভেসে যেতে দেব না
তোমাকে রেখে দেব মস্তিষ্কের মধ্যে
হৃদয়ে নয়
হৃদয় তো, এদিক ওদিক চলেও যেতে পারে।

Thursday, August 18, 2011

চলো আনন্দে ভাসি আজ

শ্রাবনের ঝর্ণাধারা উপেক্ষা করে চলো আজ আনন্দে ভাসি।
দুঃখটা পড়ে থাক ব্যাকপকেটের শূন্য মানি ব্যাগে
আজ শুধু আনন্দে ভাসি,
আমাদের আছে শুধু আজ, কাল বসন্ত নাও আসতে পারে
চলো আজ আনন্দে ভাসি, দুঃখটা পড়ে থাক ব্যাকপকেটের শূন্য মা
নি ব্যাগে।

চন্দ্রিমা - ৫

তুমি এলে, আবার মুচকি হেসে চলেও গেলে।
হৃদয়ে একমুঠো ভালো লাগা অনুভব করলাম,
তবু রাস্তার তেমাথায় দাঁড়িয়ে আমি ভাবি
ডান দিকে যাবো, না বাদিকে, নাকি সোজা চলবো
এতোদিন ধরে চলেছি যে রাস্তায়।

Wednesday, August 17, 2011

ইচ্ছে করছে না আজ কিছু


আজ আর ইচ্ছে করছে না তোমার জন্য রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি
কতদিন বল আর মিছি মিছি এভাবে করা যায়
কতদিন বল টফি মুখে পুরে তুমি আছো ভেবে
আনন্দের মিথ্যে ফোয়ারা ছুটানো যায়
কতদিন, আর কতদিন -

আজ আর ইচ্ছে করছে না তোমার কথা ভেবে
এস এম এস করি বন্ধুদের
ইচ্ছে করছে না দিনটা অন্য আরো দিনের থেকে আলাদা ভাবি
ইচ্ছে করছে না স্বাধীনতা তোমার জন্য আবারও রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি।
(14/08/2011, রাত ১২-৩০)

কোন এক গান্ধীর প্রতি


কদিন থেকে দেখছি কিছু লোক যা খুশি করে যাচ্ছে
নির্লজ্জের মত যা তা বকে যাচ্ছে
আর তুমি পেছনের দেওয়ালে,
কখনও পাশের টেবিলে ছবি হয়ে আছো।
আমি বিস্মিত !
তোমার তো ওখানে থাকার কথা নয়।
তুমি নেমে আসো শহরের রাজপথে,
অজানা কোন গ্রামের গলিতেও তুমি আসতে পারো অনায়াসে
 অথবা তুমার জায়গাটা কোন কারাগারও হতে পারে।

তুমি কখনো আমার প্রিয় কেউ ছিলে না
তবু আজ বেশ বুঝি
তোমার সামনে বন্দুকের গুলিও বড্ড অসহায়।
তুমি পাশে থাকলে এরকম হাজারটা যুদ্ধ আমরা জিতবই
এ আমার বিশ্বাস নয়
এ আমার অঙ্গীকার।

আর কতদিন তুমি ছবি থাকবে বলো
এইবার নেমে আসো রাস্তায়।

Saturday, March 5, 2011

আমি আছি

চিলেকোঠা ঘর
এক টুকরো রদ্দুর
শূন্য মানিব্যাগ আর
অনাগত কোন এক নারীর
টুয়েন্টি ফোর-সেভেন খিচখিচানির সাথে
অদ্ভুত রকমের বাঁধা পড়ে গেছিলাম।

ভাগ্যিস হাওয়ার পালকিতে চড়ে বর্ষা
পশ্চিমঘাট পাড়ি দিয়ে এই হেড়ম্ব রাজ্যে এলো
আমি ঘুলঘুলি দিয়ে দেখি দূরে
সবুজ চাদর জড়িয়ে শুয়ে আছে পৃথিবী
গাঁদাফুলের ডগায় ব্যস্ত চড়ুই
জল ছিটানোর খেলায়
ঘর ব্যাঙগুলোও বেরিয়েছে বৃষ্টিতে ভিজত।

আমি ভুলে গেছিলাম
আমারো একটি বৃষ্টিভেজা দিন ছিল;
ক্ষেতের জমিতে দলবেঁধে
মাছধরার ছোটবেলা।

আমার বড্ড বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে।