Tuesday, July 21, 2015

প্রলাপ - ১২৬

ঘাড়ে চেপে বসেছেন পূর্বপুরুষেরা
কিছু মধুর কিছু কুৎসিত স্মৃতি
শংকিত সিড়ি বেয়ে নেমে আসে
লিগ্যাসি ডাটা
জয় এন আর সি'র জয়!

Saturday, July 18, 2015

প্রলাপ ১২৫

ফুটপাত পেতেছে সংসার
অর্থকরী কোণ খোঁজে ভিখিরি হাত
দুঃখ নেই ভয় নেই
দুর্গন্ধ নোংরা টপকে চলে দেহ রোজ
সিটি অব জয়! সিটি অব জয়!

Tuesday, June 30, 2015

প্রলাপ - ১২৩

জলপাই রঙা পোশাক আর
হাতে রাইফেল নিয়েই শুধু
সৈনিক হওয়া যায় না

আমরাও তো সৈনিক জীবন যুদ্ধের
বিন্দু বিন্দু রক্ত দিয়ে 
হাসি ফোটাই সহস্র প্রাণে।

Tuesday, June 9, 2015

প্রলাপ - ১১৯ - ১২২

প্রলাপ - ১১৯

যত পারো তিক্ততা দাও
আমি হৃদয় পেতে নেব,
মিষ্টিতে মধুমেহের ভয়
তেতো স্বাদ দীর্ঘজীবি

প্রলাপ -১২০

পরীক্ষায় বারবার ফেল করা
ছেলেটির বাহুতে সরস্বতী কবচম্ ছিল 
একটু আগে গাড়ির চাকায় পিষ্ট লোকটির 
অনামিকায় ছিল সংকট মোচন আংটি।


প্রলাপ - ১২১

কমিশন মানে 
জনতার কন্ঠরোধী সাইলেন্সার, 
কমিশন মানে ধামাচাপা দেয়া 
শত্রুর হাতিয়ার।

প্রলাপ- ১২২

বুকের পাজরগুলো 
আরো কোমল করে তুলো
চাপাতি ভোতা হয়ে যাবে আপনি, 
চলুক ব্লগিং.....।

Sunday, May 10, 2015

প্রলাপ - ১১৮


আমরা সবার প্রিয় হতে হতে একদিন
নিজের কাছে অপ্রিয় হয়ে যাই। 

প্রলাপ - ১১৭

গাদা গাদা বই গিলেও
গ্রন্থকীটেরাই তো সাম্প্রদায়িক গন্ধ ছড়ায়।

Monday, April 6, 2015

প্রলাপ - ১১৪, প্রলাপ - ১১৫ , প্রলাপ ১১৬

প্রলাপ ১১৬

মরলেই শুধু অমর হওয়া যায়।


প্রলাপ - ১১৫ 

যখন যখন এক একটি দম্ভস্তম্ভ ধ্বসে পড়ে
আমি ভেতরটায় লক্ষ হৃদয়ের উল্লাস টের পাই
ইচ্ছে হয় ময়ূরের মত নাচি। 
(১০/০২/১৫)


প্রলাপ - ১১৪

প্রতি মুহূর্তে অজান্তেই 
পরিচিতি হারিয়ে ফেলছি ,
পরিচয়হীনেরা আদৌ মানুষ থাকে ...!!!
(১০/০২/১৫)

Thursday, January 22, 2015

প্রলাপ - ১১১, ১১২, ১১৩

প্রলাপ ১১১

যতখুশি গালাগাল দাও
নীরবে সহ্য করে যাব;
আর না হয়
দূরে সরে যাব ভালোবাসা ভেবে,
আর আমার প্রতিবিম্বটাকে
ভালোবেসে যদি তোমার এই বিষোদ্গার;
তবে জেনে রেখো একদিন
আয়নার সামনে তোমাকে দাড়াতে হবে।

প্রলাপ ১১২

আমার প্রিয় তিনটি জায়গা
রান্নাঘর, পায়খানা আর
তোমার আঁচলের এক কোণ।

প্রলাপ ১১৩

...... ঈশ্বরেচ্ছা ছাড়া একটি ধূলার কণাও নড়ে না...
ঈশ্বরের মস্তিষ্ক শয়তানের কারখানা
তাইতো রোজ
এত এত খুন,
এত এত ধর্ষণ। 

Tuesday, December 23, 2014

ভোটর গান

নেতা বারইছইন ভোট ভিক্ষাত     
দাদা দিদিরে কইতরা
রসাইয়া গান বান্দিছইন
হুরুত্তাইনতে নাচিতরা।

ইবার দাদায় ভোট দিতা নায়
দিদিয়েও গাইতরা অউ গান
নেতামাশয় নাছোড়বান্দা
ভোট লাগবউ তান।

বছরে বছরে ভোট দিয়া
লাব অয়না কুনতা
বেড়ায় ধান খাইলায়
দুখ কিগুয়ে হুনতা।

নেতায় কইতরা লাস্ট চান্স
দিয়া দেখিলাও তানরে
দিদিয়ে কইতরা হেসর দাও অ
মারিয়া খাইতায় হকলে।

মিঠা কথা বউত হুনছি 
পাইছি হাওয়াত বউত্তা
যেতা দিবার আগে দিলাও
হেষে করমু করার যেতা।

গণতন্ত্র বাতাসে লড়ের
লাগছে টেকার খেলা
ভোট দেওয়াত একজনও নাই
টেকায় মিলে মেলা।     (২৫/০১/২০১৩)

Monday, December 8, 2014

প্রলাপ - ১০৮, প্রলাপ - ১০৯, প্রলাপ - ১১০

প্রলাপ - ১০৮
নিশিকুটুম্বেরাও আইনজীবীদের মত
কর্মস্থলে কালো পোশাক পরে।

প্রলাপ - ১০৯
চৌরাস্তার মোড়ে অথবা বাসস্টপের পাশে
যে ছেলেটি রোজ পেঁয়াজী,
পোকড়া, গরম চাট বিক্রি করে
সে কখনই ক্রেতাদের মন যোগাতে পারে না।


প্রলাপ - ১১০

পৃথিবীর সবচেয়ে সহজ মিথ্যা
দুষ্কৃতির প্রতি পুলিশের আশ্বাস
সব স্বীকার করে নিলে ছেড়ে দেওয়া হবে।

Monday, December 1, 2014

প্রলাপ - ১০৭


ক্রিকেট হউক বা না হউক
কিস্যু আসে যায় না
বেটিংটা তো চলবে ইচ্ছেখুশি,
চলুন শুভ্র নিশান উড়িয়ে
বলি জয় শ্রী বিসিসিআই।

প্রলাপ - ১০৬

কবিদের হাজারটা প্রেমিক প্রেমিকা
বড্ড সাধ ছিলো কবি হব
পারলাম কই...!!!

আরো একটি জন্মদিন আরো একটি সূর্যাস্ত


লঙ্গাইর জলে আরো একটিবার
সূর্য ডুবে যাওয়ার পর যখন
পেছন ফিরে দেখি –
ধু ধু অন্ধকার অমসৃণ পথ ধরে
ধেয়ে আসে অসমাপ্ত পেট তাগিদের কাজেরা
কিছু মূর্ছিত ফুল, কিছু অচেনা মুখ
কিছু অসুখ অসুখ মাখা সূখ চেয়ে থাকে করুণ দৃষ্টিতে
ইচ্ছে হয় মুছে ফেলি সব যন্ত্রণার অতীত,
শুধু আজকের দিনটাকেই
আকড়ে ধরি বুকের ভেতর।
(২৯-১১-১৪)

Monday, November 24, 2014

প্রলাপ - ১০৫

সদ্য ধর্মচ্যুত আর পুরোনো কমিউনিস্ট 
দুজনেই অদ্ভুত
প্রথমজন পুরোনো ধর্মকে
যাচ্ছেতাই গালি দেন আর
অন্যজন ব্রহ্মভোজ্যির পর
হাত পাতেন ভোজন দক্ষিণার জন্যে ।

Sunday, November 23, 2014

সহমর্মিতার আগে – (খসড়া)

সহমর্মিতার আগে (খসড়া)

তুমি যদি মুসলমান হও তাহলে অন্তত খোঁজে দেখো   
একটু আগেই গাজায়
স্তন পানরত যে শিশুটি রক্তাক্ত হয়েছে
মর্টার সেলের আঘাতে
সে শিয়া, নাকি সুন্নি

আর যদি অন্য কেউ হও
তাহলেও খোঁজে দেখো একবার
যে যুবকটি তার প্রেমিকাকে
একটি লাল গোলাপ দেবে বলে বেরিয়ে আর ঘরে ফেরেনি;
যে যুবতীর মাথার খুলি চৌচির হয়ে গেছে
ইজরায়েলী রকেটের আঘাতে
সেকি তোমার ধর্মের লোক
নাকি শুধুই একজন প্যালেস্তাইনী।

খোঁজ শেষে যদি দেখো সব ঠিকঠাক মিলে যায়
তবে হিটলারই হউক না তোমার ঈশ্বর
ক্ষতি কি! চলুক নর সংহার!

আর যদি গাজায় নিহত শিশুটি তোমার কেউ না হয়
অর্ধামৃত নারী-পুরুষরাও যদি তোমার কেউ না হয়
তাহলে আরেকপ্রস্থ গোঁফে তা দিয়ে
সহ্য করে নিতে পারো
আরো দুচারটি মজফফরপুর,
বাংলাদেশের হিন্দু পাড়া, বেলুচিস্তান

আরো দুচারটি মায়ানমার, অগণিত ইরাক......

প্রলাপ - ১০৩, প্রলাপ - ১০৪

প্রলাপ - ১০৩
মোল্লা পুরুত যাজক সবগুলাই
এক একটা আস্ত নাস্তিক
ধর্মটা তো শুধু তোমার আমার।

প্রলাপ - ১০৪
তক্কিটা আমি আগেই পকেটে পুরেছি
আজ দাড়িটার সাথেও দিলাম আড়ি
তবুও ভয়ে ভয়ে দিন যায়
জেহাদির লিস্টে নাম না উঠে যায়।

Wednesday, November 12, 2014

প্রলাপ - ১০১ / প্রলাপ ১০২

প্রলাপ - ১০১

সব সূখ তারল্যে 
তারল্যেই সব শক্তি
পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সর্বত্র 
ব্যস্ত যুবা কিশোর সব শক্তির আরাধনায় 22/10/14


প্রলাপ ১০২

উত্তরে ছিল যারা 
তারা আরেকটু উত্তরে সরে গেছে 
দক্ষিণমেরুতে যারা তারা আরো দক্ষিণে মাঝখানে আমি রোজ 
শুধু টুকরো টুকরো হই 
নিজের অজান্তে। 28.10.14

Saturday, October 18, 2014

প্রলাপ - ৯৪,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,১০০

প্রলাপ - ৯৪ বিখ্যাত কিংবা কোন এক কুখ্যাত
প্রতিবেশি হলে সাহিতা চর্চাটা দারুণ গতি পায়।

প্রলাপ - ৯৫ মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে রেখে
প্রেমিকেরা নিসঙ্গ ঘুরে রাস্তায়

প্রলাপ - ৯৬ একদম হঠাৎ করেই যদি বাড়ির লোকেরা বলতে শুরু করেন
রোগা হয়ে যাচ্ছি
ধরে নিতে হবে স্বাস্থ্যটা ভালো হচ্ছে।

প্রলাপ - ৯৭ দারুচিনির কৌটায় অসংখ্য পিঁপড়ের ডিম।

প্রলাপ - ৯৮

অপ্রিয় মুখগুলোর মৃত্যু
কামনা করতে করতে
একদিন চেয়ে দেখি হারিয়ে ফেলেছি সব প্রিয় মুখ।

প্রলাপ - ৯৯

বিবেকহীন দেহটাকে আর কতকাল বয়ে বেড়াব
তার চেয়ে চল পুড়িয়ে ফেলি, পুড়িয়ে ফেলি দেহটাকে।


প্রলাপ - ১০০
প্রথমে সাম্প্রদায়িকতার
তারপর রাজনীতিটা শান্তি কমিটির
'আহা কি আনন্দ আকাশে বাতাসে...।'

Saturday, October 4, 2014

ইচ্ছে - ২

আমার ইচ্ছে হয় এখনো
সদ্য যৌবনে পা দেয়া
কোন এক যুবকের মত
উন্মাদ হয়ে তোমার পেছনে ছুটি
তুমি যতবার গালি দেবে
আমি ততবার তোমার দিকে
চেয়ে মৃদু হাসব, যেভাবে বিকেলের
পড়ন্ত রোদ গাছের ডগার দিকে
ম্লান চেয়ে হাসে।

মাঝে মাঝে আমারো ইচ্ছে হয়
কোন এক প্রেমিক কিশোরের মত
অহরহ তোমার সাথে ঝগড়া করি, তারপর
তোমার হাতটা ঝাপ্টে ধরে বলি

ভালোবাসি তোমায়, তোমাকেই ভালোবাসি। 

Wednesday, September 24, 2014

এইতো জীবন

সন্ধ্যা নামার আগেই নেমে আসে দীর্ঘশ্বাস অবসাদগ্রস্ত শরীরটাকে টেনে যেতে যেতে 
যতটা আধার পাড়ি দেই এক একটা প্রস্তর যেন চেপে বসে বুকের উপর
এভাবেই চলার ফাঁকে কিছু হাত 
পিঠ চাপড়ে বলে সাবাস! কিছু কথা রোজ স্পর্শ করে হৃদয়, কিছু মায়াবী মুখ 
রাতভর ঝাপটায় চোখের পাতা এরপর ঠিকই ভোর হয় 
আরেকটি অপেক্ষার কর্মব্যস্ত দিনে......।